মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। জমির পর্চা ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগও রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অফিস চত্বরে ও ভিতরে সরাসরি কয়েকজন দালালের অবাধ চলাচল রয়েছে। জমির পর্চাসহ বিভিন্ন কাজে আসা সেবাগ্রহীতাদের কাছে গিয়ে তারা কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, টাকা না দিলে ফাইল আটকে রাখা কিংবা দিনের পর দিন অফিসে ঘোরানোর মতো ঘটনাও ঘটে।
শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন মিয়া অভিযোগ করে বলেন, “দালাল ছাড়া এখানে কোনো কাজ হয় না। অফিসের ভেতরেও টাকা ছাড়া স্বাক্ষর মেলে না। আমরা সাধারণ মানুষ কোথায় যাব"।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও অফিসে দালালদের দৌরাত্ম্যের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাবে তারা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে রাজি নন।
এছাড়া অফিসের গুরুত্বপূর্ণ ফাইল বাইরে নিয়ে গিয়ে ব্যক্তিগত বাসায় বসে স্বাক্ষর করার মতো অভিযোগও রয়েছে। তবে অভিযোগের বিষয়ে শ্রীপুর সেটেলমেন্ট অফিসার ফকির শামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সেবাগ্রহীতারা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অফিস চত্বর ও ভিতরে সারাসরি আশা যাওয়া থেকে দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং সাধারণ মানুষের হয়রানি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।